দিনাজপুরের বিরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের জটিলতা ছাড়াই আজ সোমবার এক দিনে ৪টি সফল সিজারিয়ান অপারেশন (সিজার) সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, মায়েদের শারীরিক সমস্যা ও স্বাস্থ্যগত ঝুঁকি থাকার কারণে চিকিৎসকদের পরামর্শে এই সিজারিয়ান অপারেশন গুলো করা হয়।
অপারেশনের পর সদ্য ভূমিষ্ঠ চার নবজাতক এবং মায়েরা সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার এই সফলতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের দোড়গোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।
আজ কোনো প্রকার জটিলতা ছাড়াই ৪টি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সুস্থ আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজকের এই সিজারিয়ান সেকশন অপারেশনে প্রধান সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন গাইনি অ্যান্ড অব্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমেদ শরীফ রুশো। অপারেশনে রোগীদের অবশ করার (এনেস্থেশিয়া) দায়িত্বে ছিলেন এনেস্থেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জাভেদ সারোয়ার চৌধুরী।অপারেশন কালীন পুরো প্রক্রিয়ায় যুক্ত থেকে সার্বিক সহযোগিতা করেন, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌফিকা ইসলাম তন্বী এবং মেডিকেল অফিসার ডা. রিফাত জাহান রিফা।
এছাড়াও হাসপাতালের ওটি ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফবৃন্দ এই কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে এমন সফল ও নিরাপদ সিজারিয়ান সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রসূতিদের পরিবার ও স্থানীয় সাধারণ মানুষ।