দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক বাসচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালী থানার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল-দিনাজপুর সরকারি কলেজগামী মহাসড়কের পশ্চিম পাশে অবস্থানরত সোহরাব হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে দুটি কালো প্লাস্টিকে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতরে থাকা ২০টি নীল জিপার পলিব্যাগে প্রতিটিতে ১০০টি করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেপ্তার সোহরাব হোসেন দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের বরাইপুর গ্রামের বাসিন্দা এবং তিনি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬৪) একটি বাসের চালক বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব হোসেন পুলিশকে জানান, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।