ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ ২ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
এ ঘটনায় পীরগঞ্জের কুশারীগাঁও গ্রামের শান্তি রানী (৪৫) ও রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুহি রাম রায় (৫০) মারা যান। আহত ব্যক্তিরা হলেন কুশারীগাঁও গ্রামের সালন রায় (৪৫) ও রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের টেপরা রায় (৬০)।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কুশারিগাও ইউনিয়নের বলগা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শান্তি রানীর চায়ের দোকানে বসে ছিলেন চারজন। দুপুর সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শান্তি রানীসহ চারজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শান্তি ও সুহিকে মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।