দিনাজপুরে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে পৌরসভার ১০ নং ওয়ার্ড পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার হঠাৎপাড়া মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা দিনাজপুর পুলিশ প্রশাসন বরাবরে এ লিখিত আবেদন জানান।
আবেদন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন এবং টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সেবন চলছে। এখানে এলাকায় বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তাদের অভিযোগ, মাদকসেবীদের বেপরোয়া জীবন যাপনের কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ এবং চরম ঝুঁকির মুখে পড়ছে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ। মাদক কারবারিদের ভয়ভীতি ও হুমকির মুখে সাধারণ মানুষ মুখ ফুটে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম (বিসিএস) বলেন, মাদকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদেরকে সোচ্চার হতে হবে। মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। মাদক ব্যবসায়ীরা যতই কৌশলী ও শক্তিশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি মাদক প্রতিরোধে এলাকাবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।