যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জুলাই যোদ্ধারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শহীদদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে বলে অভিমত ব্যক্ত করেন।