জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরে ১১দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় দিনাজপুর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিসদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা।
দিনাজপুর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে শহর জামায়াতের সেক্রেটারি কামরুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা জাগপার সৈয়দ ইমরুল কায়েস রুপম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মেহরাব আলী, জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির, যুগ্ম আহবায়ক তাফসির হাসান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা আশা করেছিলাম এবারে একটা পরিবর্তন হবে, কিন্তু আমাদের সেই আশা গুরেবালি। এই সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা করছে।
বক্তারা বলেন, ফ্যাসিজম যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু কোন ফ্যাসিজমই টিকে থাকতে পারেনি। আমরা আর কাউকে ফ্যাসিস্ট হতে দিবো না। বক্তারা অবিলম্বে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে জামায়াতে, এনসিপি, জাগপাসহ ১১দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।