দিনাজপুরের কাহারোলে পুলিশের এক বিশেষ অভিযানে ৮৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারি পালিয়ে যায়।
বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কাহারোল থানাধীন ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্ম সংলগ্ন দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কের পাশ থেকে এই মাদকের চালানসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের (ওসি) যৌথ নেতৃত্বে এসআই মোঃ আরিফুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার একটি মুদির দোকানের সামনে থেকে ৮৮ কেজি গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ২জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দিনাজপুর চিরিরবন্দর থানার নিয়ামত শাহপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫২) এবং কাহারোল থানার গড়নুরপুর গ্রামের মন্মথ চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮)।
অভিযানকালে বিরল এলাকার মোঃ সবুজ ইসলাম (২৫) ও অজ্ঞাতপরিচয় আরও একজন কৌশল অবলম্বন করে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০৪) দায়ের করেছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কাহারোল থানার এসআই (নিঃ) মোঃ আরিফুল রহমান।
কাহারোল থানা পুলিশ জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।