দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আমন মৌসুমে ধানের ক্ষেতে আগাছা পরিষ্কার ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো ফলনের আশায় সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মাঠে কাজ করছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
কৃষক আকবর আলী সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিনের বৃষ্টি ও অনুকূল আবহাওয়ায় ধানের পাশাপাশি আগাছাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এসব আগাছা ধান গাছের প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি শোষণ করে নেয়, ফলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই সময়মতো আগাছা পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কৃষকরা।
কাজল গ্রামের একাধিক কৃষক জানান, ভালো ফলনের জন্য নিয়মিত জমির পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে অধিকাংশ কৃষক পরিবার সকাল থেকেই মাঠে নেমে ধানের জমি আগাছামুক্ত করতে কাজ করছেন। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক পরিবারের সদস্যদের নিয়েই জমির পরিচর্যা করছেন।
স্থানীয় কৃষকদের মতে, আগাছা নিয়ন্ত্রণ করা গেলে ধানের গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমন মৌসুমে আগাছা পরিষ্কারকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যার অংশ হিসেবে দেখছেন।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো শরিফুল ইসলাম জানান, সঠিক সময়ে আগাছা দমন, সুষম সার প্রয়োগ এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা হলে আমন ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের নিয়মিত মাঠ পরিদর্শন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।
বর্তমানে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে আমন ধানের সবুজ সমারোহের পাশাপাশি আগাছা পরিষ্কারে কৃষকদের কর্মব্যস্ততা চোখে পড়ছে। ভালো আবহাওয়া বজায় থাকলে এবং সময়মতো প্রয়োজনীয় পরিচর্যা অব্যাহত থাকলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।