দিনাজপুরের বিরলে উপজেলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে সঠিক ভাবে তুলে ধরার লক্ষ্যে, বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে (৫ম তলায়) এই সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রভাষক, সাংবাদিক, লেখক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বোর্ডহাট কলেজের প্রভাষক ও লেখক বিধান দত্তের সঞ্চালনায়, বক্তারা বিরলের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান গুলো সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে এই ধরণের প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, একটি জাতির মূল ভিত্তি হচ্ছে তার ইতিহাস ও ঐতিহ্য। বিরল উপজেলার একটি সমৃদ্ধ অতীত রয়েছে, যা নতুন প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। প্রযুক্তির আগ্রাসনে তরুণ সমাজ যেন নিজের শিকড় ভুলে না যায়, সেজন্য আমরা বিরলের ইতিহাস গ্রন্থনা এবং ঐতিহ্যবাহী উপাদান গুলো সংরক্ষণের এই উদ্যোগ হাতে নিয়েছি।
তিনি আরো বলেন, স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা ও তথ্য প্রদানের মাধ্যমে এই কাজটিকে আমরা সফল করতে চাই।
উপস্থিত সুধীজন বিরলের ইতিহাস সংরক্ষণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি অনন্য দলিল হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন।