দিনাজপুরের বিরল উপজেলার প্রত্যন্ত ঝিনাই কুড়ি গ্রাম। শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কড়া সম্প্রদায়ের এক জীর্ণ কুটিরে এখন উৎসবের আমেজ। সব বাধা পেরিয়ে, দারিদ্র্য আর সামাজিক অনগ্রসরতাকে জয় করে মাধ্যমিকে সাফল্য ছিনিয়ে এনেছে পূজা কড়া।
বিরলের ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের অঞ্চল কড়ার মেয়ে পূজা এবারের এসএসসি পরীক্ষায় ৩.০৬ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কড়া সম্প্রদায়ের ইতিহাসে সে মাধ্যমিকের গণ্ডি পার হওয়া দ্বিতীয় নারী শিক্ষার্থী। পূজার এই বিজয় কেবল একটি সার্টিফিকেট অর্জন নয়, বরং আলোর মুখ দেখতে চাওয়া এক অবহেলিত জন গোষ্ঠীর এগিয়ে যাওয়ার নতুন ইশতেহার। পূজার আঙিনায় প্রশাসনের ভালোবাসার পরশ পূজার এই অভাবনীয় সাফল্যের খবর পৌঁছায় বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলামের কানে।
প্রত্যন্ত অঞ্চলের এই সাফল্যকে সাধুবাদ জানাতে তিনি সময় নষ্ট না করে ছুটে যান ঝিনাইকুড়ি গ্রামে। পূজার বাড়িতে গিয়ে তিনি তাকে অভিনন্দন জানান এবং আগামীতে আরও বড় হওয়ার, আরও ভালো পড়াশোনা করার সাহস ও অনুপ্রেরণা জোগান। পাশে থাকার প্রত্যয় ও উপহারের বৃষ্টি পরিদর্শনের পাশাপাশি ইউএনও মো: রেজাউল ইসলাম কড়া সম্প্রদায়ের মানুষের সাথে এক আন্তরিক মত বিনিময় সভায় মিলিত হন।
তিনি তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। প্রশাসন সবসময় তাদের পাশে থাকবেন এই আশ্বাসের পাশাপাশি তাৎক্ষণিক ভাবে কিছু মানবিক উদ্যোগ নেন।
তিনি কড়া সম্প্রদায়ের ২ জন ছাত্রী ও ১ জন ছাত্রের যাতায়াতের সুবিধার্থে ৩টি বাইসাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তীব্র গরমে কড়া সম্প্রদায়ের নিজস্ব পাঠশালায় কোনো ফ্যান ছিল না। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে তিনি সাথে সাথে ২টি বৈদ্যুতিক পাখা এবং সময় দেখার জন্য ১টি দেয়াল ঘড়ি উপহার দেন। সবশেষে গ্রামের ছোট-বড় সবার মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দের এক মানবিক আবহ তৈরি করেন তিনি। একটি নতুন ভোরের অপেক্ষা পূজা কড়ার এই সাফল্য প্রমাণ করে, সঠিক সুযোগ আর একটু খানি অনুপ্রেরণা পেলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীও সমাজের মূল স্রোতে অবদান রাখতে পারে।
ইউএনও-র এই তাৎক্ষণিক ছুটে যাওয়া এবং মানবিক সহায়তা কড়া সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াতে আরও বড় ভূমিকা রাখবে। পূজা এখন আর শুধু কড়া সম্প্রদায়ের মেয়ে নয়, সে বিরলের হাজারো স্বপ্ন দেখা কিশোরীর এক অনুকরণীয় আলোর দিশারী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন