পঞ্চগড়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলোই নন-এমপিওভূক্ত। এর মধ্যে বোদা উপজেলার দুটি উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসা রয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নেয়। সে অকৃতকার্য হয়েছে। অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। আর তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম বলেন, প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের তথ্য অনুযায়ী, বোদা উপজেলায় দুটি নন-এমপিও প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী ছিল, সে ফেল করেছে। আর বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে তিনজনই ফেল করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন