দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানটির এমন ঈর্ষণীয় ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে মোট ১৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+), ৬২ জন A গ্রেড এবং ১৪ জন A- গ্রেড অর্জন করেছে। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।
এই ফলাফলের মধ্যদিয়ে উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে, বিদ্যালয়ের এমন সাফল্যে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার মানের ধারাবাহিক উন্নতি বীরগঞ্জবাসীর জন্য আশাব্যঞ্জক। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বীরগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
স্থানীয়দের মধ্য থেকে মো সোহেল রানা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত শিক্ষা এবং ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন বীরগঞ্জের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন