দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) উপজেলার মাকড়াই এলাকায় অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান। অভিযানে গ্রেপ্তার চার আসামিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,সুজালপুর হাটখোলা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০)। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাড়াই এলাকার সুফল মূর্মুর ছেলে সম মুরমু (৩৫) ও সোহরাব আলীর ছেলে মো. আলমগীর ইসলাম (২৭)-কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া মাকড়াই এলাকার আবেদ আলীর ছেলে মোরশেদ আলম (২৩)-কেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাকড়াই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশের পর আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন