ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উত্তরবঙ্গ উন্নয়ন স্কুলের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বর্মন।
বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি মো. নুরনবী ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানজিদা খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ এবং উত্তরবঙ্গ প্রকল্পের সুজালপুর ইউনিয়নের ব্যবস্থাপক ওয়াসীম টক্য।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর বর্মন বলেন, ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা-এই প্রতিপাদ্যের মূল বার্তা হলো, ভিন্ন পরিবেশ ও বাস্তবতার মধ্যেও তরুণদের লক্ষ্য ও প্রত্যাশা এক। যুবসমাজকে নিজেদের সক্ষমতা ও সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষা, দক্ষতা অর্জন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। তাই তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য যুবকদের গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন