দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিরল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ, দিনাজপুরের উপ-পরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান।
আজ ১২ আগস্ট (বুধবার) দুপুরে তিনি বিরল উপজেলার এই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম। সংশ্লিষ্ট দফতর গুলো ঘুরে দেখার সময় উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা, দাপ্তরিক নথিপত্র এবং সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজের অগ্রগতি ও বাস্তবায়ন মূল্যায়ন করেন।
তিনি তৃণমূল পর্যায়ে জনসেবার মান নিশ্চিত করতে এবং সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। দফতর গুলো পরিদর্শন শেষে তিনি গ্রামীণ জনপদে শান্তি, শৃঙ্খলা, অপরাধ দমন ও প্রাথমিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ঐতিহ্যবাহী বাহিনী 'গ্রাম পুলিশ' এর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি গ্রাম পুলিশের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাঁদের আইন-শৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
পরিদর্শন ও মতবিনিময় শেষে এক বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো হলো জনগণের সবচেয়ে কাছের দফতর। সাধারণ মানুষ যাতে বিরল উপজেলা পরিষদ, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদে এসে কোনো হয়রানি ছাড়া দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতেই আমাদের এই নিয়মিত পরিদর্শন।
এছাড়া গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা দিন-রাত কষ্ট করে একদম তৃণমূল পর্যায়ে কাজ করেন। তাঁদের কাজের গতিশীলতা বাড়াতে এবং মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি জানতেই আজ আমরা তাঁদের সাথে কথা বলেছি। আমরা চাই প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকুক।"
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম বলেন, "উপ-পরিচালক মহোদয়ের এই পরিদর্শন আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে। তাঁর দিক-নির্দেশনা অনুযায়ী বিরল উপজেলার প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও জনবান্ধব ও কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি গ্রাম পুলিশের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
পরিদর্শন কালে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন