দিনাজপুরের বীরগঞ্জে শিকলে বাঁধা দুই প্রতিবন্ধী ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর দিনাজপুর টিভিতে প্রকাশের পর তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কালাপুকুর পুকুরপাড়া গ্রামে গিয়ে শিকলে বাঁধা দুই ভাই ও তাদের পরিবারের খোঁজখবর নেন আক্কাস আলী। এ সময় তিনি পরিবারের হাতে এক বস্তা চাল, মুড়ি, গুড়, চিড়াসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহযোগিতাও করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে দুই ভাইকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হচ্ছে পরিবারটি। সীমিত আর্থিক সামর্থ্যের কারণে তাদের চিকিৎসা, পরিচর্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে প্রকাশিত সংবাদটি বিভিন্ন মহলের নজরে এলে পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে আসেন আক্কাস আলী।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। এ সময় ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন আক্কাস আলী।
এদিকে, দুই ভাইয়ের দীর্ঘদিনের দুর্বিষহ জীবন বদলে দিতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন বিএনপি যুবদলের মো. সাবুল ইসলাম, ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফ ইসলাম এবং ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওসমান আলী।
মো. আরিফ ইসলাম
বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
তারিখ: ১৫ আগস্ট ২০২৬
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন