দিনাজপুরের বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাপাই নদা পাড়া খাড়ির (খাল) ওপর একটি অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে।
এই ব্রিজটি নির্মাণের ফলে খাড়ির দুই পাড়ের হাজারো মানুষের দীর্ঘ দিনের যাতায়াত সমস্যার সাময়িক সমাধান হলো এবং এখন তারা সহজেই চলাচল করতে পারছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই খালে কোনো স্থায়ী ব্রিজ বা সেতু না থাকায় দীর্ঘ সময় ধরে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বর্ষা কালে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ত। জনগণের এই কষ্ট দূর করতে ও যাতায়াত ব্যবস্থা সচল রাখতে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজা চৌধুরী পিনাক নিজস্ব অর্থায়নে, অস্থায়ী ভাবে এই কাঠের ব্রিজটি তৈরি করে দেন।
কাঠের ব্রিজটি উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনগণের ভোগান্তি লাঘবে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য আপাতত নিজস্ব তহবিলে এই কাঠের সেতুটি দেওয়া হয়েছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই সরকারি উদ্যোগে, এখানে একটি টেকসই ও স্থায়ী পাকা ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হবে।সেতুটি চালু হওয়ায় এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে নতুন গতির সঞ্চার হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন