নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকরা তুহিন বাজার স্লুইস গেট এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো—নাউতারা ইউনিয়নের কাঁকরা এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) এবং একই ইউনিয়নের নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা আক্তার (৪)। সম্পর্কে তারা একে অপরের খালা ও ভাগ্নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে বারোটার দিকে সেচ ক্যানেলের পাশে বেশ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে ছোট শিশু সিনহা দুর্ঘটনাবশত ক্যানেলের পানির স্রোতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে খালা পাখি আক্তার সাথে সাথেই পানিতে লাফ দেয়, কিন্তু পানির গভীরতা ও স্রোতের কারণে দুজনই তলিয়ে যায়। শিশুদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্যানেলে নেমে তল্লাশি চালিয়ে তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন