বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোক গমন করেছেন। তাঁর প্রয়াণের খবরে রাজনৈতিক অঙ্গনসহ তাঁর জন্মস্থান দিনাজপুরের বিরলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাত ১০.৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি বহু গুণ গ্রাহী এবং রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। বাবু সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে দল-মত নির্বিশেষে সকলের কাছে তাঁর বিপুল গ্রহণযোগ্যতা ছিল। সাবেক এই মন্ত্রীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁর শেষকৃত্যের সময়সূচি পরবর্তীতে পারিবারিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। সকলের কাছে প্রয়াত এই নেতার আত্মার শান্তির জন্য প্রার্থনা ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন