সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ১৫ জন যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস বিতরণ করা হয়েছে।বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গত ২৬ জুলাই জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস দেওয়া হয়েছে, যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে এবং স্বাবলম্বী হতে পারেন। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন