দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা বাজার মাঠ প্রাঙ্গণে ৪ নম্বর পাল্টাপুর যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
খেলাকে ঘিরে সনকা বাজার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের গ্রামীণ সংস্কৃতির অংশ এ খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান মিজু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলিম আল রাজি, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে এসব খেলাধুলার সঙ্গে পরিচিত করা এবং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন