বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফারহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, নদী ও পানিসম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি টেকসই ভবিষ্যৎ গড়তে প্রয়োজন ব্যাপক জনসম্পৃক্ততা, গবেষক-বিশেষজ্ঞদের মতামত এবং সর্বস্তরের যৌথ দায়বদ্ধতা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নোঙর ট্রাস্ট’-এর উদ্যোগে এবং ‘বাংলাদেশ পুকুর রক্ষা কমিটি’সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় ‘জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জনাদ আজাদ তার বক্তব্যে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় সারা দেশে স্ব স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে ২০ হাজার কিলোমিটার খাল-নদী খনন ও পুন:খননের কাজ এগিয়ে চলছে। যার মাধ্যমে সারাদেশে নদী দখল ও দূষনরোধে দীর্ঘমেয়াদী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোঙর ট্রাস্ট-এর চেয়ারম্যান জনাব সুমন শামস এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবদুর রহিম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু সাঈদ খান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান খোকন তালুকদার।
এছাড়াও সেমিনারে পানি উন্নয়ন পরিকল্পনা সংস্থা (WARPO), নদী গবেষণা ইনস্টিটিউট, CEGIS, তিস্তা নদী রক্ষা কমিটি, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, রিভারাইন পিপল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাইকা (JICA)-র প্রতিনিধি, পরিবেশবিদ, প্রকৌশলী ও নদী গবেষকগণ উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষাংশে নোঙর ট্রাস্ট-এর এই আয়োজনের প্রশংসা করেন এবং পরিবেশ ও নদী রক্ষায় সরকারের ধারাবাহিক সমর্থনের আশ্বাস প্রদান করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন