দিনাজপুরের বিরলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাইন্স স্কুল অলিম্পিয়াড-২০২৬।
আজ শনিবার সকালে বিরল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়।
বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় আটশত শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞান প্রজেক্ট নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। ক্ষুদে বিজ্ঞানীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই অলিম্পিয়াড প্রমাণ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝেও মেধার কোনো কমতি নেই। মুখস্থ বিদ্যা নয়, বরং বাস্তব ভিত্তিক বিজ্ঞান চর্চায় আমাদের এগিয়ে যেতে হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী।
উপজেলা প্রশাসন সব সময় তরুণদের এমন সৃজনশীল ও বিজ্ঞান মনস্ক উদ্যোগের পাশে থাকবে।
আমি আশা করি, প্রতি বছর বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করতে বিরল সাইন্স একাডেমি এরকম আয়োজন অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় ছিলেন, বিরল উপজেলার বোর্ডহাট কলেজের প্রভাষক ও বিশিষ্ট লেখক বিধান দত্ত।
অলিম্পিয়াডের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে ভয় না পেয়ে আনন্দের সাথে শিখুক। বিরল সাইন্স একাডেমির এই প্রচেষ্টার মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত মেধা ও অনুসন্ধিৎসু মনকে জাগিয়ে তোলা। আজকের এই বিপুল অংশগ্রহণ আমাদের আগামীতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
দিন ব্যাপী এই অলিম্পিয়াডে সাধারণ বিজ্ঞান কুইজ, বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শন ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভীতি দূর করতে এবং তাদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিরল সাইন্স একাডেমির এই উদ্যোগ সুধীমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন