দিনাজপুরের কাহারোলে পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) কাহারোল থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কাহারোল থানা পুলিশের একটি চৌকস দল। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কাহারোল উপজেলার ফেরুসাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে মোঃ দুখু মিয়া (৩২), মোঃ এজান, মৃত তেজাম আলীর ছেলে মোঃ জসিম (২৮) এবং সাহাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ মাহাবুর (১৮)।
উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে— Bajaj Discover 125cc, Bajaj Discover 110cc, Hero Splendor Plus 100cc এবং Hero HF Deluxe 100cc।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত এবং পরবর্তীতে সেগুলো বিক্রি ও সরবরাহ করত।
এ ঘটনায় কাহারোল থানায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন