দিনাজপুরের বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়ার নদীর পাড়ে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে পশ্চিম ভোগডোমা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই মাঠের চারপাশে উৎসুক দর্শকদের ভিড় জমে ওঠে। স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। এছাড়া ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, এনামুল ইসলাম ও সুজা মিয়া। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যও বৃদ্ধি পায়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন