দিনাজপুরে একটি হাসকিং মিলের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ২১৭ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মনোহর আলম নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে দিনাজপুর শহরের পুলহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, গোডাউনে মজুদ রাখা সার বাইরে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে তোলা হচ্ছিল। পরে গোডাউনে তল্লাশি চালিয়ে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে রাখার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ ও পাচারের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
জানা গেছে, মনোহর আলম দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকায় খুচরা সারের ব্যবসা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন