জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ব্রিজসংলগ্ন রতনপুর বাজারগামী সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল পাঁচবিবি উপজেলার রতনপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাগজানা ব্রিজ অতিক্রম করে রতনপুর বাজার যাওয়ার রাস্তায় অভিযান পরিচালনা করে পাঁচবিবি থানা পুলিশ। এ সময় আশরাফুলের বাড়ির সামনে সন্দেহজনকভাবে চলাচলকারী জুয়েলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক যুবক অভিনব কৌশলে তার পরনের লুঙ্গিতে টাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে বহন করছিলেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, আটক জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পাঁচবিবি উপজেলাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন