দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের দেবীপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের ভাটার মাঠে আয়োজিত ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে এলাকার বিভিন্ন বয়সী দর্শনার্থীরা মাঠে ভিড় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু।
বিশেষ সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি কৃষক দলের সাধারণ সম্পাদক আলিমউদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাস, উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরো ম্যাচজুড়ে মাঠে ছিল টানটান উত্তেজনা।
খেলা শেষে আয়োজকরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন