পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন দেওয়া এবং চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসী মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে এ অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।
এসময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা সহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখে এন্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আসছিলেন। গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন লিখে দেন তিনি। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযানে দোকানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, মঙ্গলবার দুপুরে আমরা দোকানে এসে বিভিন্ন টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পাই, যার অনুমতি তার কাছে ছিল না। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখারও অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন