দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বহিষ্কৃত নেতার অনুসারীদের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের হামলা ও হাতাহাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ী বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এ জেড এম রেজওয়ানুল হক ও তাঁর অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বিএনপির উপজেলা ও পৌর শাখার দাবি, মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে নেতা-কর্মীরা ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে সমবেত হচ্ছিলেন। একই সময়ে সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ জেড এম রেজওয়ানুল হকের অনুসারীরা পৃথক কর্মসূচিতে সমবেত হন। দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে ওই বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মিদের সাথে সতন্ত্র সংসদ সদস্যর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে এমন সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তুজা হক অষ্টিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মন্ডল, শফিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন