ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪৪ বছর বয়সী ওই নারী সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন। ট্রেনটি চলার সময় ক্যান্টিনে তাকে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করেন তারা। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বাড়ি সিরাজগঞ্জে। ঘটনার পর তিনি সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আবু বক্কর সিদ্দিকসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন বলে অভিযোগ করেছেন ওই নারী।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সঙ্গে পুলিশ সদস্যরাও জড়িত ছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
মামলার অন্য আসামিদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন