গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৪৫) ও গোলাম রব্বানী (৫০)। গোলাম রব্বানী সাদুল্যাপুর সরকারি কলেজের হিসাব রক্ষক ও তার বাড়ি সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাসুদ রানার পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে আলহামরা পরিবহনের যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌছিলে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত ও ১০ জন আহত হয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার সকাল ৯টার সময় সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কে সাদুল্যাপুর পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমী স্কুলের সামনে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম রাব্বানী নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গোলাম রব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা নামে একটি মাদ্রাসায় রেখে বাসায় ফেরার সময় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে সাদুল্যাপুর থানার উপপরিদর্শক আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন