দিনাজপুরের বিরলে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে, উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা জন্মাষ্টমী কমিটির আয়োজনে, পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিরল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি যোতিন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় বক্তা হিসেবে শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হিরা এবং সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি অধিন চন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে অন্যায়, অবিচার ও অধর্ম দূর করে সত্য, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠার বার্তা নিয়ে পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ যেন মিলে-মিশে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, বক্তারা সেই আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন