ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের পুকুর থেকে পারভেজ নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হয় পারভেজ। এরপর আর বাড়িতে ফেরেনি সে। ওই দিনই মায়ের সঙ্গে তার শেষ কথা হয়। পরে পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শরীরের বিভিন্ন চিহ্ন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি পারভেজের বলে শনাক্ত করেন।
স্থানীয় ইউপি সদস্য সুলতানুল আজম জানান, পারভেজ মাঝে মধ্যে মাদক সেবন করত। পুকুরে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন