দিনমজুরের কাজ করতে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল কাপড়চোপড়ের ব্যাগ। তবে ওই ব্যাগের ভেতরেই লুকিয়ে রাখা হয়েছিল মাদক হিসেবে ব্যবহৃত ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। গন্তব্যে পৌঁছানোর আগেই দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের তল্লাশিতে ধরা পড়েছেন তারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে এসব টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়া এলাকার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে করে কয়েকজন মাদক পাচার করছেন—এমন খবর পায় ঘোড়াঘাট থানা পুলিশ। পরে পুলিশ টিএনটি মোড় এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ওই কোচটিতে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে চারজনের বহন করা কাপড়চোপড়ের ব্যাগে পাওয়া যায় ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাগগুলো নিজেদের বলে স্বীকার করেন তারা। একই সঙ্গে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি ব্যাগও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন