বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক বৃদ্ধা রোগীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তার ব্যাগ তল্লাশি করে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা যায়, লক্ষ্মীপুর সদর এলাকার মো. দিদার হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি এক বৃদ্ধা রোগীকে বাইরে নিয়ে যান। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ওই রোগীর দুই কানের দুলসহ স্বর্ণালংকার নিয়ে একটি গাড়িতে ওঠার চেষ্টা করেন।
এ সময় লিমা আক্তার নামে এক নারী বিষয়টি দেখতে পেয়ে দিদারকে আটকানোর চেষ্টা করলে তিনি তাকে পেটে ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে দিদার তার কাছে থাকা মালামাল অন্য এক ব্যক্তির কাছে দিয়ে দেন। ওই ব্যক্তি মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দিদারকে আটক করে হাসপাতালের সামনে নিয়ে আসেন।
বিষয়টি দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নজরে এলে তারা দিদারকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত এপিসি রোবেল চন্দ্র সাহার তল্লাশিতে তার ব্যাগ থেকে একটি ধারালো দা, দুটি ছুরি, একটি বড় সুই, নেশাজাতীয় দ্রব্য, ছোট ছোট আংটি ও পাথর, বালুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পরে আটক মো. দিদারকে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাসপাতালে রোগী ও সেবাপ্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চুরি, ছিনতাই ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার সদস্যদের সতর্ক নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপ অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন