দিনাজপুরের পার্বতীপুরে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ১ মিনিটের দিকে পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হুগলীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান পার্বতীপুর পৌরসভার উত্তর হুগলীপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মঞ্জুরুল আলমের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল ডিপোর পেছনে রেললাইনের পাশে গুন্ঠিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী থেকে ছেড়ে খুলনার উদ্দেশে যাত্রা করা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে মোস্তাফিজুর রহমান ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
ট্রেনের ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটায় ঘটনার সময় সেখানে কোনো প্রত্যক্ষদর্শীকে পাওয়া যায়নি। কীভাবে তিনি ট্রেনের সামনে পড়লেন কিংবা দুর্ঘটনার প্রকৃত কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তর হুগলীপাড়াসহ পার্বতীপুরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
পার্বতীপুর জিআরপি থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন