দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা। হারিয়ে যেতে বসা দেশীয় এই খেলাকে ঘিরে লাটেরহাট স্কুল মাঠে বসে উৎসবের আমেজ। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো দর্শক।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট স্কুল মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় জমজমাট এই হাডুডু খেলা। লাটেরহাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বিকেল থেকেই বিভিন্ন বয়সী দর্শনার্থীরা মাঠে আসতে শুরু করেন। একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। খেলোয়াড়দের আক্রমণ, প্রতিরোধ আর কৌশলী নৈপুণ্যে মুহূর্তেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মন্ডল। বক্তব্য দেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
এছাড়া উপস্থিত ছিলেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের
আয়োজকদের মতে, মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের কারণে মাঠের খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে তরুণ প্রজন্ম। তাই হাডুডুর মতো দেশীয় খেলাগুলো নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা সম্ভব। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উৎসবমুখর এই আয়োজন।
হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন