দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলার ডাকবাংলো মেরামত ও সংস্কারের জন্য ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় ‘চলমান অডিটোরিয়াম/ডাকবাংলো নির্মাণ/শিশু পার্ক নির্মাণ’ শীর্ষক উপখাত থেকে এই অর্থ অবমুক্ত করা হয়েছে। এর আওতায় ‘বিরামপুর ও হাকিমপুর উপজেলার ডাকবাংলো মেরামত/সংস্কার’ প্রকল্পে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি চিঠি অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটের অনুমোদিত সংশ্লিষ্ট খাত থেকে মেটানো হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, সরকারি ক্রয় বিধিমালা এবং জেলা পরিষদের এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২সহ সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এ ছাড়া বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।
জেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে জেলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল ব্যবহারের বিধান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন