লালমনিরহাটের পাটগ্রামে সরকারি কাজে বাধা, ক্যাম্পে প্রবেশ করে ধাক্কাধাক্কি ও সদস্যদের ভয়ভীতি দেখানোর অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বুড়িমারী ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি-স্বেচ্ছাসেবক দলের চারজন স্থানীয় নেতা এবং ডিমলা উপজেলার দুজন বাসিন্দা রয়েছেন।
বুধবার আদালতের মাধ্যমে তাদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মতি রহমান (৪০) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন (৪০) ও দুলাল মিয়া (৪৮)।
মামলা ও বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙাটারী ক্যাম্পের টহল দল বাউরা বাজার এলাকায় নিয়মিত টহলে ছিল। এ সময় দুটি অটোভ্যানে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম পরিবহনের সময় আটক করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। জব্দের খবর পেয়ে রাত ১টার দিকে মালাপত্রের মালিক দাবি করে রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈম ও মতিয়ার রহমান মোটরসাইকেলযোগে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে জোরপূর্বক প্রবেশ করেন। তারা বিজিবি সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হন এবং হুমকি দেন। এ সময় সরকারি স্থাপনা ও টহল দলের নিরাপত্তার স্বার্থে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকেই তাদের আটক করেন।
অভিযানকালে বিজিবি একটি ছয় সিলিন্ডারের ডিজেল ড্রেজার মেশিন, চারটি খালি তেলের ড্রাম, ১০টি মোটা পাইপ, রিং পাইপ, দুটি অটোভ্যান, একটি মোটরসাইকেল এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করে। জব্দকৃত সরঞ্জামের মোট সিজারমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করেছে বিজিবি।
এ বিষয়ে বাউরা ডাঙাটারী বিজিবি ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান, স্বেচ্ছায় আঘাত এবং হুমকি দেওয়ার অপরাধে বুধবার সকালে পাটগ্রাম থানায় একটি মামলা করেন। পরে আটক আসামিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘বিজিবির টহল দলের ওপর চড়াও হওয়া ও সরকারি কাজে বাধার অভিযোগে দায়ের করা মামলায় আটক ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন