দিনাজপুরে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ ও দিনাজপুরবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে লাইব্রেরির বই ও আর্থিক কার্যক্রমের কোনো অডিট করা হয়নি। একই সঙ্গে নির্দিষ্ট একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে লাইব্রেরির পরিচালনা কমিটি কুক্ষিগত করে রাখার অভিযোগও করেন তারা।
বক্তারা বলেন, একটি গণমুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে লাইব্রেরির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ জন্য লাইব্রেরির বই ও আর্থিক কার্যক্রমের স্বাধীন ও নিরপেক্ষ অডিটের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার আনার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দীর্ঘ ১৭ বছর ধরে লাইব্রেরির বই ও আর্থিক অডিট না হওয়ার বিষয়টি তদন্ত করে স্বাধীন ও নিরপেক্ষ অডিটের ব্যবস্থা করা; দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা কমিটি কুক্ষিগত করে রাখার অভিযোগের জবাবদিহিতা নিশ্চিত করা।
এছাড়া লাইব্রেরিয়ানের একই সময়ে দুই চাকরি করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
নতুন সদস্যদের সদস্যপদ গ্রহণের সুযোগ নিশ্চিত করে সদস্য সংগ্রহে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া চালুর দাবিও জানান বক্তারা। পাশাপাশি কার্যনির্বাহী কমিটিতে বিতর্কিত বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা লাইব্রেরিতে স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই এবং একটি কার্যকর ও গণমুখী প্রতিষ্ঠান চাই।”
সচেতন নাগরিক সমাজ ও দিনাজপুরবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন