রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে মহির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
নিহত মহির উদ্দিন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মহির উদ্দিন তার ছোট স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করতেন। বড় ছেলের নাম মাইদুল ইসলাম ও ছোট ছেলে রশিদুল ইসলাম। বাড়ি সংলগ্ন মুদি দোকান করে জীবিকা নির্বাহ করতেন মহির। পাশেই বড় স্ত্রীর বাড়ি। ছোট ছেলে নেশাগ্রস্ত হওয়ায় তাকে কয়েকদিন ধরে দোকানে বসতে দেন না বাবা মহির ও বড়ভাই মাইদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে রশিদুল দোকানে উঠে টাকা নিতে ধরেন। এসময় ছোট ভাইকে টাকা নিতে বাধা দেন বড় ভাই। এ ঘটনাকে কেন্দ্র করে দোকানের সামনে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুইভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
এসময় উপজেলা সদর বাজার থেকে মালামাল নিয়ে দোকানের সামনে হাজির হন মহির উদ্দিন। চোখের সামনে দুই ভাইয়ের মারামারি দেখে সহ্য করতে না পেরে মোটরসাইকেল থেকে পড়ে যান মহির উদ্দিন। পরে বড় ছেলে ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, চোখের সামনে দুই ছেলের মধ্যে মারামারির ঘটনা দেখে সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মহির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে পুলিশকে জানিয়েছে নিহতের স্বজনরা।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ছেলেদের মারামারি দেখে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন গেছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রয়েছে। নিহত ব্যক্তির দুই স্ত্রী। বড় স্ত্রীর ছেলে জেলার বাইরে থেকে আসার পর তারা সিদ্ধান্ত নেবেন। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন