দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক ব্যবসায়ীকে শেল্টার দেওয়ার অভিযোগে ওসমান গনি বাবু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওসমান গনি বাবু উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম নষ্টকারী কিংবা মাদক বিক্রেতার শেল্টারদাতার জায়গা নেই।”
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন