বাংলাদেশে এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
রোববার (২৩ আগস্ট) দুপুরে দলটি স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ পুরো স্থাপনা ঘুরে দেখে। পরিদর্শন শেষে মাঠ ও স্টেডিয়ামের পরিবেশে সন্তুষ্টির কথাও জানিয়েছে তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির প্রতিনিধিদল।
বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ব্রাজিলের প্রতিনিধিদল স্টেডিয়াম ও মাঠের সার্বিক পরিস্থিতি দেখেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল মাঠের অবস্থা ও স্টেডিয়ামের সুযোগ-সুবিধা পরিদর্শন করা। প্রাথমিকভাবে তারা সন্তোষ প্রকাশ করেছে।
ইকবাল হোসেন বলেন, মাঠের সংস্কারকাজ এখনো চলমান রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে ব্রাজিলের প্রতিনিধিদলকে জানানো হয়েছে। তারা ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেছে এবং প্রয়োজন হলে আবারও পরিদর্শনে আসার কথা জানিয়েছে।
বাফুফের এই কর্মকর্তা আরও জানান, ব্রাজিলের প্রতিনিধিদল ভবিষ্যতে যেকোনো দেশের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশের বিপক্ষেও খেলার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ব্রাজিল।
সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিলের ভারতে অবস্থানের কথা রয়েছে। এ সময় বাংলাদেশে এসে অনুশীলন বা অন্য কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, প্রতিনিধিদলটি মূলত স্টেডিয়ামের অবকাঠামো ও পরিবেশ দেখতেই বাংলাদেশে এসেছে। তাদের চূড়ান্ত পরিকল্পনা পরে জানানো হবে।
পরিদর্শনের সময় ব্রাজিলের প্রতিনিধিরা মাঠের ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও ঘাসের মান পরীক্ষা করেন। মাঠের চলমান সংস্কারকাজ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকেও বিস্তারিত জানতে চান তারা। পাশাপাশি ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেন এবং গ্যালারিতে বসে মাঠের পরিবেশও পর্যবেক্ষণ করেন।
ইকবাল হোসেন বলেন, স্টেডিয়ামের পরিবেশ দেখে ব্রাজিলের প্রতিনিধিরা সন্তুষ্ট ও মুগ্ধ হয়েছেন। তবে তাদের চূড়ান্ত মতামত এখনো পাওয়া যায়নি। প্রতিনিধিদলটি তাদের দেশে ফিরে পরবর্তী পরিকল্পনা জানাবে।
মাঠ পরিদর্শন শেষে ব্রাজিলের প্রতিনিধিদলের বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন