গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে এ মরিচা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি বলেন, লাঠি খেলা আমাদের গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় আমাদের অনেক লোকজ সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরতে এবং আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই বীরগঞ্জ-কাহারোলের মাটি ও মানুষের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের আনন্দ-বিনোদনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশেও আমরা গুরুত্ব দিতে চাই।
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। বীরগঞ্জ-কাহারোলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। আমাদের তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাই মাদক থেকে সন্তানদের দূরে রাখতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনার সন্তানকে শুধু সন্তান হিসেবে নয়, বন্ধুর মতো করে দেখুন। তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, নিয়মিত কথা বলুন, তার চলাফেরা ও বন্ধুদের সম্পর্কে খোঁজ রাখুন। সন্তান যেন কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে সবার আগে বাবা-মায়ের কাছে এসে বলতে পারে-এমন পারিবারিক পরিবেশ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব শামিম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লাঠি খেলাকে ঘিরে বিকেল থেকেই নাগরগঞ্জ স্কুল মাঠে মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ মাঠের চারপাশে জড়ো হয়ে উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা। ঢোলের তালে তালে খেলোয়াড়দের লাঠির কসরত, আক্রমণ-পাল্টা আক্রমণ ও চমকপ্রদ নৈপুণ্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন