দিনাজপুরের ঘোড়াঘাটে আদা চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির সামনে আদার জমি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার ও আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রী হরিবিহরি এলাকায় আদা চাষের আড়ালে গাঁজা চাষ করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ সদস্যের একটি দল গভীর রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বাড়ির সামনে আদার জমি থেকে দুটি বড় আকৃতির গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাছ দুটির উচ্চতা প্রায় ১২ ফুট। এর মধ্যে একটি গাছের ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ওজন প্রায় ৮ কেজি।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, “আমার এলাকায় একজন ব্যক্তি গাঁজার গাছ রোপণ করেছেন। এটি এলাকার সবার জন্য ক্ষতিকর। এ ধরনের গাছ যাতে কেউ চাষ করতে না পারে, সে বিষয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ মাদক গাঁজার গাছ চাষের অভিযোগে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন