দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তাদের সংগঠন ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।
ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী কংকনা রায়ের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ নারী উদ্যোক্তা আইরিন আক্তার হিরার সঞ্চালনায় আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ভেটেনারী সার্জন ডা. সজীব হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি অফিসার তাসলিমা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান বলেন, ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’ এর এ মেলার আয়োজন অনেকের উদ্যোক্তা হতে আগ্রহী ও কর্মমূখী করে তুলবে।
আয়োজকেরা জানান, স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরির পাশাপাশি তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যেুাগাযোগ ও সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের নিজেদের পণ্য প্রদর্শন ও ক্রেতাদের কাছে সরাসরি পেঁৗছানোর সুযোগ করে দিতেও এ মেলার আয়োজন করা হয়েছে।
ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী কংকনা রায় এবং কোষাধ্যক্ষ নারী উদ্যোক্তা আইরিন আক্তার হিরা বলেন, ঘরে ঘরে উদ্যোক্তা থাকলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি ও সহযোগিতার অভাবে অনেকেই কাঙ্খিত লক্ষ্যে এগুতে পারছে না। সকল উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা মেলার আয়োজন।
উদ্যোক্তাদের জন্য সরকারিভাবে উদ্যোক্তাদের জন্য সহজশর্তে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ, কারিগরি ও বাজারজাতকরণ সহায়তা নিশ্চিত করা হোক। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস ও সরকারি আয়োজনে উদ্যোক্তা মেলার সুযোগ সৃষ্টি করলে স্থানীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ হবে।
তারা বলেন, ফুলবাড়ীর সব উদ্যোক্তাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনদিন ব্যাপী এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেশীয় পণ্য দেখতে ও পছন্দের পণ্য সংগ্রহ করতে পারবেন।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন তরুণ-তরুণী উদ্যোক্তা ১৩টি স্টলে নিজেদের তৈরি ও বিপণনযোগ্য পণ্য নিয়ে অংশ নিচ্ছেন। স্টলগুলোতে হস্তশিল্প ও হাতে তৈরি কাপড়, বিভিন্ন ধরনের গহনা, ঘরবাড়ি সাজসজ্জার সামগ্রী, দেশীয় পণ্যসহ নানা ধরনের মুখরোচক খাবার স্থান পেয়েছে।
ব্যতিক্রমী ও নান্দনিক এসব পণ্য দেখতে এবং কিনতে মেলায় আগ্রহী মানুষের ব্যাপক উপস্থিতিও দেখা গেছে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন