বিশ্ব ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস। মানবসভ্যতা ও প্রকৃতির সুরক্ষায় পরিবেশগত কূটনীতি ও ঐক্যের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে, ঠিক তখন ওজোন স্তর রক্ষায় অর্জিত সাফল্য আমাদের নতুন আশার আলো দেখায়। একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় যে, পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত প্রতিটি পদক্ষেপের ধারাবাহিকতা রক্ষা করা কতটা জরুরি।
দশ বছর আগে বিশ্ব তার পরিবেশগত সাফল্যের ইতিহাসে এক অনন্য অধ্যায় যুক্ত করেছিল। ওজোন স্তর পুনরুদ্ধারে ঐতিহাসিক মন্ট্রিল প্রোটোকলের সফল ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশগুলো একটি নতুন ও জটিল পরিবেশগত হুমকির মোকাবিলায় এগিয়ে আসে।
এরই ফলশ্রুতিতে গ্রহণ করা হয় কিগালি সংশোধনী, যার মূল লক্ষ্য ছিল শীতলী করে ব্যবহৃত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন বা এইচএফসি-এর ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাস করা।
চলতি বছরের ওজোন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘একটি শীতল গ্রহের জন্য বৈশ্বিক পদক্ষেপ’। বর্তমান বিশ্বে এই প্রতিপাদ্যের গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তীব্র দাবদাহ ও গরমের প্রকোপ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দক্ষ শীতলীকরণ ব্যবস্থার সুযোগ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে এই শীতলীকরণের প্রয়োজনীয়তা যেমন অস্বীকার করার উপায় নেই, তেমনি এর ব্যবহার হতে হবে সম্পূর্ণ ন্যায়সঙ্গত ও টেকসই।
ভবিষ্যতের কথা মাথায় রেখে শীতলীকরণ খাতকে পরিবেশবান্ধব করে তোলা সময়ের দাবি। কিগালি সংশোধনী যদি সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা সম্ভব হয়, তবে কেবল এই সংশোধনীর মাধ্যমেই চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা প্রায় শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এড়ানো সম্ভব।
এর সাথে যদি শক্তি-সাশ্রয়ী ও আধুনিক শীতলীকরণ প্রযুক্তি যুক্ত করা যায়, তবে উষ্ণতা হ্রাসের মাত্রা দ্বিগুণ পর্যন্ত হতে পারে। এই অর্জন মানবস্বাস্থ্য রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ ও শহরবাসীর জীবিকা সচল রাখা এবং বৈশ্বিক জলবায়ু সহনশীলতা অর্জনে অপরিহার্য ভূমিকা পালন করবে।
ওজোন স্তর সুরক্ষার এই দীর্ঘ পথচলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিশ্ববাসীকে শিখিয়েছে যে, সদিচ্ছা থাকলে যেকোনো বড় পরিবেশগত সংকট মোকাবিলা করা সম্ভব।
মন্ট্রিল প্রোটোকল ও কিগালি সংশোধনীর সাফল্যের ধারা বজায় রাখতে প্রয়োজন সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা ও প্রযুক্তির সঠিক প্রয়োগ। উন্নত ও উন্নয়নশীল উভয় দেশেরই দায়িত্বশীল ভূমিকা গ্রহণে পিছপা হলে চলবে না।
এই বিশ্ব ওজোন দিবসে জাতিসংঘের পক্ষ থেকে এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের মাধ্যমে বিশ্বের সকল দেশের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব দেশ এখনো কিগালি সংশোধনী অনুমোদন বা বাস্তবায়ন করেনি, তাদের দ্রুত তা সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
একই সাথে টেকসই শীতলীকরণের দিকে রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে, যাতে মানুষ ও গ্রহ উভয়কেই নিরাপদ রাখা যায়।
পরিশেষে বলা যায়, ওজোন স্তর রক্ষা কেবল বায়ুমণ্ডলের একটি বিশেষ স্তরকে বাঁচিয়ে রাখার লড়াই নয়; এটি আমাদের পুরো পৃথিবীর টিকে থাকার লড়াই।
আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, শীতল ও নিরাপদ পৃথিবী উপহার দিতে হলে আজই আমাদের আরও দৃঢ় ও কার্যকর বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিমালায় পরিবেশবান্ধব আচরণের অনুশীলনই পারে আমাদের এই কাঙ্ক্ষিত পৃথিবী উপহার দিতে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন