বাতাসে শিউলি ফুলের গন্ধ আর কাশবনের দোলা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার আগমনী বার্তা।
আগামী ১০ অক্টোবর শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে দেবী আবাহন। আর এই উৎসবকে ঘিরে এবার গোটা উত্তরবঙ্গের নজর কাড়তে যাচ্ছে দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ী মন্দির, যা এবার উত্তরবঙ্গের সবচেয়ে বড় দুর্গাপূজা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
বিশেষ থিম ও আধুনিক লাইটিংয়ের চমক এবারের ধুকুরঝাড়ী পূজা মণ্ডপের মূল আকর্ষণ হতে যাচ্ছে এর ব্যতিক্রমী এবং নান্দনিক থিম।
আয়োজক কমিটি এবার দর্শনার্থীদের সম্পূর্ণ নতুন এক আবহ উপহার দিতে বিশেষ থিম ভিত্তিক মণ্ডপ ও প্রতিমা তৈরি করছে। এর সাথে যোগ হচ্ছে উন্নত মানের আধুনিক লাইটিং ও আলোক সজ্জা। বর্ণিল আলোর রোশনাই আর থিমের নিখুঁত মেল বন্ধনে পুরো মণ্ডপ এলাকাকে এক মায়াবী ও উৎসব মুখর রূপ দেওয়া হবে, যা দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেবে। দিন-রাত চলছে প্রতিমা তৈরির কাজ ধুকুরঝাড়ী মন্দির প্রাঙ্গণে এখন দম ফেলার ফুসরত নেই মালাকার ও মৃৎশিল্পীদের।
মা দুর্গার প্রতিমাকে নিখুঁত ও দৃষ্টিনন্দন করতে দিন-রাত এক করে ঘাম ঝরাচ্ছেন কারিগরেরা। মাটির কাজ শেষে এখন চলছে রঙ আর তুলির আঁচড়ে দেবীকে জীবন্ত রূপ দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গাকে বরণ করে নিতে ধুকুরঝাড়ীসহ পুরো বিরল অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুরু হয়ে গেছে দিন-ক্ষণ গণনার পালা।
প্রশাসনের জোরদার প্রস্তুতি ও পরিদর্শন উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই আয়োজনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ধুকুরঝাড়ী পূজা মণ্ডপ পরিদর্শনে যান বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়।
প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের যৌথ সমন্বয়ে দর্শকদের নিরাপত্তা, যানজট নিরসন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সব ধরনের আগাম প্রস্তুতি ও তদারকি জোরদার করা হয়েছে।
আয়োজকরা জানান, অনন্য থিম ও চোখ ধাঁধানো লাইটিংয়ের কারণে এবার শুধু দিনাজপুর নয়, পার্শ্ববর্তী জেলা গুলো থেকেও রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, বিরলের ধুকুরঝাড়ী এখন প্রস্তুত হচ্ছে এক ঐতিহাসিক মহা-উৎসবের সাক্ষী হতে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন