দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিরামপুর ও নবাবগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর থানা পুলিশের একটি দল রাত্রিকালীন হাইওয়ে ডিউটি ও গ্রেফতারি পরোয়ানা তামিলকালে উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের ধানঘরা পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মোরছালিন (২৬) ও মো. ময়নুল ইসলাম (২৫)-এর হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ধানঘরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সকিনুরের ছেলে মো. মোরছালিন (২৬) এবং ধানঘরা দক্ষিণপাড়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো. ময়নুল ইসলাম (২৫)।
অন্যদিকে, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. রাজু মিয়া (২৫) নামের এক ব্যক্তির বসতবাড়ির ছাদে অভিযান চালিয়ে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, রাজু মিয়া তার বসতবাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে গাঁজার চাষ করছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন